নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ডের হাতে জব্দ হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এসএইচএস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।
অভিযানে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি ভারতীয় কম্বল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। জব্দ করা সব আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশন, সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।





















