দীর্ঘ দুই বছর পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি ভিড়েছে একটি মাদার ভ্যাসেল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চীনের পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের জাহাজটি বন্দরের জন্য সংগৃহীত পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে এই টার্মিনালে নোঙর করে।
বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, পায়রা বন্দরের প্রথম টার্মিনালে পণ্য ও কনটেইনার ওঠানো-নামানোর কাজ আরও দ্রুত ও আধুনিক করতে এসব যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন। ১৬৮ মিটার দীর্ঘ এবং ৬ মিটার গভীরতার ‘ফান ঝৌ-৬’ গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে যাত্রা করে।
দীর্ঘ বিরতির পর সরাসরি প্রথম টার্মিনালে মাদার ভ্যাসেল বার্থিং করায় বন্দরের কার্যক্রমে নতুন গতি সঞ্চারের আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামের দুটি মাদার ভ্যাসেল সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে।
জাহাজ দুটির পণ্যও সেখানেই খালাস করা হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, রাবনাবাদ চ্যানেলের নাব্য সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রমের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পায়রা বন্দরকে আধুনিক ও ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কাজও এগিয়ে চলছে। নতুন কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম যুক্ত হওয়ায় বন্দরের প্রথম টার্মিনালে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।





















