আজ সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ আদায় করে তিনি যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী। সমাধি কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তাবেষ্টনীর বাইরে থাকা দলের নেতা-কর্মী ও সমর্থকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বহুবার দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন। উল্লেখ্য, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





















