জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
মঙ্গলবার নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দীর্ঘদিনের এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে জুলি বিশপ রোহিঙ্গা সংকটসহ মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছেন।













